দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ডিবি প্রধান শফিকুল ইসলাম তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারের ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় আখতারুজ্জামান বলেন, ‘আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, শুধু আপনাদের জানিয়ে গেলাম সবাইকে।’
ভিডিওবার্তায় তিনি আরও বলেন, ‘দোয়া করবেন আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য বিশেষ করে প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য যদি শহিদ হতে পারি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার সেই দাবি কবুল করেন, আহ্বান কবুল করেন।’
তিনি বলেন, ‘জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি, থাকব আজীবন। যতদিন বেঁচে আছি, ততদিন জনগণের পাশে থাকব, জনগণের জন্য সংগ্রাম করব। জনগণের জন্য এই জীবন ত্যাগ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।’
এর আগে শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে বিমানবন্দর থানায় মামলা করেন শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।
মামলার এজাহার অনুযায়ী, ব্যাপক যাত্রীচাপের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে আখতারুজ্জামান তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করার অভিযোগ করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আখতারুজ্জামানের সঙ্গীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাঁকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কার করা হয়েছিল। সর্বশেষ ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এমএম/